নাসির গ্রুপের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার মামলার সুষ্ঠু তদন্তের জন্য নতুন টিম গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার কমিশন দুদকের উপ-পরিচালক মীর মোঃ জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে উপ-পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের সমন্বয়ে এ তদন্ত টিম গঠন করে।
তবে শিগগিরই দুদকের এ নতুন টিম নাসির গ্রুপের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার মামলার তদন্ত কার্যক্রম শুরু করবেন বলে জানা যায়।
সূত্র মতে, গত ৮ ফেব্রুয়ারি দুদকের সহকারি পরিচালক এসএম রফিকুল ইসলাম বাদী হয়ে নাসির গ্রুপের বিরুদ্ধে ৫৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ৮২ টাকা বিদেশে অর্থ পাচারের অভিযোগে মামলা দায়ের করেন।
রাজধানীর গুলশান থানায় ২০১২ সালের মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২)(৩) ধারায় দায়ের হওয়া মামলায় নাসির গ্রুপের চেয়ারম্যান নাসির উদ্দিন বিশ্বাসসহ ১০ জনকে আসামি করা হয়।
মামলার অভিযোগে উল্লেখ করেন; ওই ১০ আসামি ৫৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ৮২ টাকা বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নেয়ার মাধ্যমে বিদেশে পাচার, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে আত্মসাৎ করেছে।
মামলার ১০ আসামির মধ্যে রয়েছেন, নাসির উদ্দিন বিশ্বাস, জিএম (আমদানি) মোঃ আলফাজ উদ্দিন, জিএম (মার্কেটিং এন্ড সেলস) মোঃ শামীম আহমেদ, জিএম (ফিন্যান্স এন্ড একাউন্টস) মোঃ সিদ্দিকুর রহমান, এজিএম (ক্রয়) মোঃ মোবাইদুল ইসলাম, ক্যাশিয়ার মোঃ শামীম, কর্মচারী নিয়াজ বিশ্বাস, এ.জে. মানিচেঞ্জারের কর্মকর্তা মোঃ সাইফুল বিশ্বাস, একই প্রতিষ্ঠানের কর্মচারি এমদাদুল হক, হুন্ডি কারবারি মোঃ ফিরোজ এবং তার ছেলে মোঃ আদিল আহমেদ।
একে





