প্রতারণা, জালিয়াতি এবং শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের দায়ের করা মামলায় শ্রাবনী ট্রের্ডাসের মালিক বিকাশ ঘোষকে১৬ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন চট্টগ্রাম বিশেষ জজ আদালত। একই সঙ্গে তাকে প্রায় ৭ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

আজ মঙ্গবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চট্টগ্রামের শ্রাবনী ট্রের্ডাসের মালিক বিকাশ ঘোষ বিদেশ থেকে আমদানি করা ২৭ হাজার মিটার কাপড়েরর স্থলে ১৫ হাজার ৩১৬ মিটার কাপড় আমদানি দেখিয়ে শুল্ক ফাঁকি দিয়েছেন। তিনি সাড়ে ৪০ হাজার মার্কিন ডলারের স্থলে মাত্র ২২ হাজার ৯৭৪ মার্কিন ডলার শুল্ক পরিশোধ করেন। তিনি সরকার সর্ব সাকুল্যে ৭ লাখ ০৪ হাজার ১৫১ টাকার শুল্ক ফাঁকি দিয়ে এ অর্থ আত্মসাৎ করেছেন।

এ অভিযোগে ২০০২ সালে ২১ জুলাই তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো বর্তমান দুদক চ্ট্টগ্রামের বন্দর থানায় ৪০৬/৪২০/৪৬৭/৪৬৮/৪৭৭ ধারায় একটি মামলা নং-২৩ দায়ের করে।

পরে ২০১৩ সালে ওই মামলাটি বিশেষ মামলা ২৮/১৩ হিসেবে আপডেট করে বিচার কার্য পরিচালনার জন্য চট্টগ্রাম বিশেষ আদালতে পাঠানো হয়।

আদালত শুনানি শেষে গত ২৭ নভেম্বর রায়ে শ্রাবনী ট্রের্ডাসের মালিক বিকাশ ঘোষকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং সর্বসাকুল্যে ৭ লাখ ০৪ হাজার ১৫১ টাকার শুল্ক ফাঁকির ওই  অর্থ আত্মসাতের অভিযোগে আরো ১ বছর ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে আত্মসাৎ করা ৬ লাখ ৯৮ হাজার ১৫১ টাকা রাষ্ট্রের কোষাগারে প্রদানের নির্দেশ দিয়েছেন আদালত। ফলে তাকে শুল্ক ও রাজস্ব ফাঁকির মামলায় ১৬ বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

একে, জেএ