জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র জুবায়ের আহম্মেদ হত্যা মামলার তদন্তকারীর পরবর্তী জেরা ৩০ অক্টোবর ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল- ৪ এর বিচারপতি এবিএম নিজামুল হক রবিবার এ দিন ধার্য করেন।

এ দিন মামলার তদন্তকারী কর্মকর্তা বর্তমান ডিবি পুলিশ পরিদর্শক মীর শাহীন শাহ পারভেজের সাক্ষীর জেরার দিন ধার্য ছিল।

কিন্তু হরতালের কারণে তিনি আসতে না পারায় রাষ্ট্রপক্ষের আইনজীবী তাসলিমা ইয়াসমিন দিপা সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন।

এ মামলার ৩৭ জন সাক্ষীর মধ্যে ২৭ জন ট্রাইব্যুনালে বিভিন্ন সময়ে সাক্ষ্য দিয়েছেন।

২০১২ সালের ৮ জানুয়ারি বিকেলে জুবায়ের আহমেদকে প্রতিপক্ষ ছাত্রলীগ নেতাকর্মীরা কুপিয়ে জখম করে। পরদিন ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জুবায়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হলের ছাত্র ছিলেন। তার বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়ায়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে আশুলিয়া থানায় ১৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে।

আসামিরা হলেন— প্রাণিবিদ্যা বিভাগের ছাত্র খন্দকার আশিকুল ইসলাম ও খান মোহাম্মদ রইস, দর্শন বিভাগের নাজমুল হুসেইন প্লাবন, শফিউল আলম সেতু, অভিনন্দন কুণ্ডু অভি, মাহমুদুল হাসান মাসুদ, রাশেদুল ইসলাম, ইসতিয়াক মেহবুব অরূপ, সরকার ও রাজনীতি বিভাগের মাহবুব আকরাম, জাহিদ হাসান, নাজমুস সাকিব তপু, মাজহারুল ইসলাম ও কামরুজ্জামান সোহাগ।

এএইচ