রাজধানীর হাজারীবাগে শেরেবাংলা রোডের একটি বাসায় দুর্বৃত্তের গুলিতে মিজানুর রহমান (৩৮) নামের এক মিনারেল ওয়াটার ব্যবসায়ী আহত হয়েছেন।

সোমবার রাত ১১টার দিকে নিজ বাসাতেই ওই ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন বলে নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার এসআই জমশেদুল আলম।

জমশেদুল আলম বলেন, ‘শেরেবাংলা রোডের ২২/১নং বাসাটির চারতলাতে ব্যবসায়ী মিজান থাকতেন। ঘটনার সময় তিনি বাসার নিচতলায় অবস্থান করছিলেন। এমন সময় একটি মোটরসাইকেলে করে তিনজন এসে বাড়ির মালিক খোকন মিয়াকে খোঁজ করেন এবং খোকন মিয়াকে গুলি করবেন বলে জানান।’

তিনি বলেন, ‘এর পর বাড়ির মালিককে কেন গুলি করা হবে জানতে চান মিজান। বাকবিতন্ডার এক পর্যায়ে মিজানের ডান পায়ের উরুতে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় মিজানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

তবে দুর্বৃত্তদের সঙ্গে বাড়ির মালিক খোকনের কিসের বিরোধ বা তাদের পরিচয় সম্পর্কে এখনও জানা যায়নি বলেও জানান এসআই জমশেদুল।

এএইচ