ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যাকাণ্ডের মামলার তদন্ত ডিবিতে হস্তান্তরের পর ডিবির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা প্রত্যক্ষদর্শী ও অন্যান্যদের সঙ্গে কথা বলেছেন।
রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে সোমবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম সাংবাদিকদের এ সব তথ্য জানান।
তিনি বলেন, নিলাদ্রী চট্টোপাধ্যায় হত্যাকাণ্ডের ঘটনায় অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আরও অনেককে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
তিনি আরও বলেন, নিলয়কে হত্যার বিষয়টি স্বীকার করে আনসার আল ইসলাম নামে একটি সংগঠন কয়েকটি গণমাধ্যমে ই-মেইল পাঠিয়েছে। এটি নিশ্চিত যে ই-মেইলটি বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে, তবে কোন জেলা থেকে পাঠানো হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। হত্যার দায় স্বীকার করার বিষয়টি কতটুকু নির্ভরযোগ্য তাও খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে, শুক্রবার রাজধানীর গোড়ানে নিজ বাসায় খুন হন ব্লগার ও এনজিও কর্মকর্তা নিলাদ্রী চট্টোপাধ্যায় নিলয়। সেদিন রাতেই তার স্ত্রী আশামনি বাদী হয়ে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি সোমবার ডিবিতে হস্তান্তর করা হয়।
গোয়েন্দা সূত্রে জানা যায়, গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের তালিকায় নিলয়ের স্ত্রী আশামনি, শ্যালিকা তন্বী, বাড়িওয়ালা শামসুল কবির, নিলয়ের বন্ধু মিঠুসহ কয়েকজন অনলাইন এক্টিভিস্ট ও এনজিও’র কয়েকজন কর্মকর্তা রয়েছেন।
এএইচ





