বিদেশে পলাতক প্রশান্ত কুমার (পিকে) হালদারের দুর্নীতিতে সহযোগিতার অভিযোগে ওয়াকামা ইন্টারন্যাশনাল নামে একটি কোম্পানির পরিচালক শুভ্রা রানী ঘোষকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২২ মার্চ) সকালে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেফতার শুভ্রা রানী ঘোষ দেশের বাইরে পালিয়ে যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আনা হচ্ছে।
এর আগে রোববার ওয়াকামা ইন্টারন্যাশনাল নামের ওই ‘কাগুজে কোম্পানির’ পরিচালকসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় পিকে হালদারের সহযোগিতায় ইন্টারন্যাশনাল লিজিং থেকে ৮৭ কোটি ৬০ লাখ টাকা ঋণের নামে তুলে আত্মসাত এবং পাচারের অভিযোগ আনা হয়েছে।





