জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যার সন্দেহভাজন হিসেবে মুফতি জাহিদ হাসান মারুফ নামে মাদরাসার এক শিক্ষককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার ভোরে ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর তারাকুজা গ্রাম থেকে ঢাকার একটি গোয়েন্দা দল তাকে আটক করে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মুফতি জাহিদের বাবার নাম মুফতি হাবিবুর রহমান। জাহিদ তার বাবার প্রতিষ্ঠিত তারাকুজা দারুল কোরআন মাদরাসার সহকারী শিক্ষক।
প্রসঙ্গত, গত শনিবার বিকেলে আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় জাগৃতি প্রকাশনীর অফিসে দুর্বৃত্তরা প্রকাশক ফয়সল আরেফীন দীপনকে কুপিয়ে হত্যা করে। একইদিন হামলা চালিয়ে গুরুতর জখম করা হয় আরেক প্রকাশনী শুদ্ধস্বরের কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুল।
ওই হামলায় টুটুল ছাড়াও আরো দুজন জখন হন। এ দুই প্রকাশকই নিহত অভিজিতের কিছু বই তাদের প্রতিষ্ঠান থেকে প্রকাশ করেছিলেন।
অভিজিৎ খুন হন চলতি বছরের ফেব্রুয়ারিতে। অভিজিতের যুক্তরাষ্ট্রের নাগরিকত্বও ছিল। অমর একুশে বই মেলায় যোগ দিতে স্ত্রীকে নিয়ে ঢাকা এসেই প্রাণ দিতে হয় তাকে।
এছাড়া, আরো তিন ব্লগারকে প্রায় একই কায়দায় হত্যা করা হয়েছে এ বছর। তার হলেন- অনন্ত বিজয় দাশ, ওয়াশিকুর রহমান বাবু ও নীলাদ্রি চট্টোপাধ্যায়। মুক্তমতে বিশ্বাসী এই ব্লগারদের হত্যাকাণ্ডের প্রতিবাদ এসেছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে।
তবে এসব হত্যাকাণ্ডের তদন্তে কোনটিতেই উল্লেখযোগ্য অগ্রগতি দৃশ্যমান নয়।
এসএইচ





