সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার চেয়ে দায়েরকৃত রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
আজ (সোমবার) বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মোহাম্মাদ আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ খারিজের এ আদেশ দেন।
আদালত বলেন, কোটা পদ্ধতি সংস্কারের একমাত্র এখতিয়ার সরকারের। সুপ্রিম কোর্টের আইনজীবী এখলাস উদ্দিন ভুঁইয়া গত ৩১ জানুয়ারি রিট আবেদনকারীদের পক্ষে হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে সংস্কার চেয়ে আদালতের নির্দেশনা চাওয়া হয়। আজ শুনানি শেষে হাইকোর্ট এ রিট খারিজ করে দিল।
উল্লেখ্য, চাকরিতে ৫৬ শতাংশ কোটা সংস্কার’সহ ৫ দফা দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছে চাকরি প্রত্যাশী ও সাধারণ শিক্ষার্থীরা। সারাদেশে এই কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- কোটা ব্যবস্থা সংস্কার করে ৫৬% থেকে কমিয়ে ১০% করা; কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে শূন্য থাকা পদসমূহে মেধায় নিয়োগ দেয়া; কোটায় কোনো ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা নয়; সরকারি চাকরির ক্ষেত্রে সবার জন্য অভিন্ন বয়সসীমা নির্ধারণ এবং নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার না করা।
এমবি





