যৌতুকের দাবিতে মারধরের অভিযোগে স্বামী পারভেজ সানজারির বিরুদ্ধে মামলা করে সাক্ষ্য দিতে না যাওয়ায় কণ্ঠশিল্পী মিলা ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

ঢাকার ৯ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ উদ্দিন রোববার এ আদেশ দেন। সাংবাদিকরা আদেশের বিষয়টি জানতে পারেন সোমবার।

পারভেজ সানজারির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মিলা মামলা করেন ২০১৭ সালে। গত বছর ওই মামলায় চার্জ গঠন হয়। কিন্তু দেড় বছর ধরে সাক্ষী দিতে আদালতে যান না মিলা। যার কারণে একাধিকবার তার বিরুদ্ধে সমন জারি হয়। তারপরও সাক্ষী দিতে না যাওয়ায় সোমবার জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানা।

এ ব্যাপারে মিলা গণমাধ্যমকে বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। এটি নিয়ে আমি আইনজীবীর সঙ্গে আলোচনা করেছি। দ্রুতই আমি হাজিরা দিতে আদালতে যাবো।’

আইনজীবীরা জানান, মামলার বাদী মিলাকে সাক্ষ্য দেওয়ার জন্য আদালত থেকে ছয় বার সমন জারি হলেও তিনি আসেননি। এ কারণে বিচারক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

মিলাকে গ্রেপ্তার করা গেল কি না- সে বিষয়ে পুলিশ প্রতিবেদন দেওয়ার জন্য ২২ জুলাই দিন রেখেছে আদালত।

এএস