নতুন দায়িত্ব পাওয়া প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সুপ্রিমকোর্ট বারের সার্বিক খোঁজ-খবর নিতে সুপ্রিমকোর্টের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার দুপুরে পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে তিনি সুপ্রিমকোর্ট বারের আইনজীবী, আইনজীবী সহকারীদের ক্যান্টিন, সাংবাদিকদের মিডিয়া রুমসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

এ সময় সুপ্রিমকোর্টের আপিল বিভাগের জেষ্ঠ্য বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়া, বিচারপতি ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন প্রধান বিচারপতির সাথে উপস্থিত ছিলেন।

সুপ্রিমকোর্ট বারের পক্ষ থেকে এ সময় বারের সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সহ-সম্পদক এম খালেদ, সহ-সম্পাদক একেএম রেজাউল করিম খন্দকারসহ বারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে সুপ্রিমকোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, প্রধান বিচারপতি আমাদের কাছে ওয়াদা করেছিলেন যে সুপ্রিমকোর্ট বারে আইনজীবীদের বসার জায়গা,খাবারের জায়গাসহ বিভিন্ন বিষয়ে তিনি খোজ খবর নিবেন। সে ওয়াদা অনুযায়ী তিনি আজ সুপ্রিমকোর্টে বারের বিভিন্ন এলাকা পরিদর্শন করে দেখে গেলেন। আইনজীবীদের সুযোগ সুবিধার ব্যাপারে তিনি খোজ খবর নিয়ে গেলেন । প্রধানবিচারপতি সুপ্রিমকোর্ট বারে ২০ তলা ভবন নির্মানের আশ্বাস দিয়েছেন বলেও জানান খন্দকার মাহবুব।

খন্দকার মাহবুব হোসেন বলেন, তিনি (প্রধান বিচারপতি) যখন সুপ্রিমকোর্টে আইনজীবী হিসেবে যোগদান করেন তখন এখানে আইনজীবী ছিলো মাত্র ৮৭৪ জন। বর্তমানে সে সংখ্যা বেড়ে এখন হয়েছে ৮ হাজার আইনজীবী। এই ৮ হাজার আইনজীবীর আইন পেশার সুযোগ-সুবিধাসহ সকল বিষয় খোঁজ-খবর নিতে প্রধান বিচারপতি পরিদর্শন করে গেলেন।

কেএইচ