পদ্মা নদীর কাওরাকান্দি থেকে ছেড়ে আসা মাওয়াগামী লঞ্চ পিনাক-৬ দুর্ঘটনা এবং উদ্ধারে ব্যর্থতায় নৌ-সচিব বিআইডব্লিউটিএর চেয়ারম্যানসহ ১০ কর্মকর্তার অপসারণ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

মঙ্গলবার সুপ্রীমকোর্টের সংশ্লিষ্ট শাখায় নৌ সড়ক ও রেলপথ জাতীয় রক্ষা কমিটির আহবায়ক আশীষ কুমার দে এবং যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি রাইটস মুভমেন্ট তুসার রেহমানের পক্ষে আইনজীবী হারুন অর রশিদ রিট দায়ের করেন।

হাইকোর্টের অবকাশকালীন একটি দ্বৈত বেঞ্চে বুধবার এই রিটের ওপর শুনানি হতে পারে বলে জানায় রিটকারী আইনজীবী।

রিটের বিবাদীরা হলেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব,সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক, ট্রাফিক ইনস্পেক্টর (মাওয়া-কাওড়াকান্দি নৌপথ), পরিদর্শক (মাওয়া-কাওড়াকান্দি নৌপথ), প্রকৌশলী ও জাহাজ জরিপকারক (মাওয়া অঞ্চল), বিআইডব্লিউটিএ এর মাওয়া নদীবন্দর কর্মকর্তা, পরিচালক (বন্দর বিভাগ), পরিচালক (নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগ), পরিচালক (নৌ সংরক্ষণ ও পরিচালনা বিভাগ) ও বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান।

এর আগে গত ১৩ আগস্ট রেজিস্ট্রি ডাকযোগে তাদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। ওই নোটিশের জবাব না দেয়ায় আজ এই রিট দায়ের করা হয়।

রিটে বলা হয়, ৪ আগস্ট মাদারীপুর জেলার শিবচর উপজেলার চরজানাজাত (কাওড়াকান্দি) ঘাট থেকে মাওয়া নদীবন্দরে আসার পথে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে যাত্রীবাহী লঞ্চ এমএল পিনাক-৬ ডুবে যায়।

এ দুর্ঘটনায় এ পর্যন্ত ৪৬ জনের লাশ উদ্ধার এবং সরকারি হিসেবে ৬১ জন নিখোঁজ রয়েছেন। দেশের প্রায় সকল গণমাধ্যমের খবর অনুযায়ী, মাত্র ৮৫ জন ধারণ ক্ষমতাসম্পন্ন নৌযানটিতে দুই শতাধিক যাত্রী ছিলেন।

কিন্তু মাত্রাতিরিক্ত যাত্রীবোঝাই লঞ্চটি চলাচল বন্ধে দায়িত্বপ্রাপ্তরা কার্যকর পদক্ষেপ নেননি এবং দুর্ঘটনার সময় সরকারি কর্মকর্তারা কাওড়াকান্দি ঘাটে ছিলেন না। একইভাবে লঞ্চটিতে অতিরিক্ত যাত্রী পরিবহন ঠেকাতে কার্যত নিস্ক্রিয় ছিলেন। লঞ্চ দুর্ঘটনা ও ব্যাপক প্রাণহানির জন্য প্রত্যক্ষভাবে এবং প্রাতিষ্ঠানিকভাবে দায়ী কর্মকর্তারা।

নোটিস প্রাপ্তির ৭২ ঘন্টার মধ্যে আট কর্মকর্তাকে দায়িত্ব থেকে অপসারণসহ বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ের সচিবকে এবং নৌ-নিরাপত্তার স্বার্থে সারাদেশে নৌ-শুমারির কার্যকর উদ্যোগ গ্রহণ করতে অনুরোধ করা হয়েছে।

পাশাপাশি সমুদ্র পরিবহন অধিদপ্তরকে শক্তিশালী ও গতিশীল করতে এর জনবল কাঠামের সংশোধন করে আধুনিক-যুগোপযোগী করার কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য নোটিশে উল্লেখিত সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক অনুরোধ করেছিলেন।

ঢাকা,কেএ, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর