একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর নিজামী দোষী সাব্যস্ত হয়েছে। তার বিরুদ্ধে ৮ অভিযোগ প্রমাণিত হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে দুটি সুপরিয়র রেসপন্সিবিলিটি স্পস্ট বলে উল্লেখ করেছে ট্রাইব্যুনাল-১।
নিজামীর বিরুদ্ধে ১৬টি অভিযোগের মধ্যে যে ৮টি প্রমাণিত হয়েছে, সেগুলো হচ্ছে- ১, ২, ৩, ৪,৬, ৭, ৮ ও ১৬ নম্বর অভিযোগ।
চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বুধবার সকাল ১১টা ৮ মিনিটে এ রায় পাঠ শুরু করেন। ২০৪ পৃষ্ঠার সংক্ষিপ্ত রায়ের প্রথমাংশ পাঠ করেন বিচারপতি আনোয়ারুল হক। এরপর সকাল ১১টা ৩৫ মিনিটে বিচারপতি জাহাঙ্গীর হোসেন রায়ের পর্যবেক্ষণগুলো পাঠ শুরু করেন। এরপর মূল রায় পাঠ করেন চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহমান।
এর আগে চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম রায় নিয়ে বিলম্ব ও অন্যান্য প্রসঙ্গের ভূমিকায় বলেন, আমরা আইনের বাইরে টক শো বা রাস্তায় রায় নিয়ে কথা বলতে পারি না। আইনের মধ্যে থেকেই এ রায় পাঠ করা হচ্ছে।
এর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মতিউর রহমান নিজামীকে বুধবার সকাল ৯টা ২০ মিনিটে ট্রাইব্যুনালে আনা হয়।
এদিকে, চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু, প্রসিকিউটর তুরিন আফরোজ, মোখলেজুর রহমান বাদলসহ রাষ্ট্রপক্ষের বেশ কয়েকজন আইনজীবী এবং নিজামীর আইনজীবী তাজুল ইসলাম, ফরিদ উদ্দিন আহমেদ খান, রেজাউল কবির, সাইফুর রহমানসহ আসামিপক্ষের ৮-১০জন আইনজীবী ট্রাইব্যুনালে উপস্থিত রয়েছেন।
নিজামীর স্বজনদের মধ্যে উপস্থিত আছেন তার ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন।
মানবতাবিরোধী অপরাধ মামলার দশম রায় এটি। আগের নয়টি মামলায় জামায়াতের সাবেক ও বর্তমান আটজন এবং বিএনপির দুই নেতাকে দণ্ডাদেশ দেয় ট্রাইব্যুনাল।
কেএ, জেএ





