মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। এ মামলায় আইনি যুক্তি উপস্থাপনের মাধ্যমে রাষ্ট্রপক্ষ তাদের যুক্তি উপস্থাপন শেষ করেন।
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যর বেঞ্চ এ আদেশ দেন। আদালতে প্রসিকিউটর তুরিন আফরোজ আজহারের বিরুদ্ধে আইনি পয়েন্টে যুক্তি উপস্থাপন করেন।
রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষে বুধবার থেকে আসামি পক্ষকে এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আদেশ দেয়া হয়েছে।
গতকাল সোমবার আদালতে প্রসিকিউটর তাপস কান্তি বল আজহারের বিরুদ্ধে অভিযোগের উপর যুক্তি উপস্থাপন শেষ করেন। তার বিরুদ্ধে গত ১৮ আগস্ট থেকে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু এবং প্রসিকিউটর জেয়াদ আল মালুম।
গত ৪ আগস্ট যুক্তি উপস্থাপনের জন্য এই দিন ঠিক করে আদেশ দেন। গত বছরের ২৬ ডিসেম্বর থেকে তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। সর্বমোট ১৯ জন প্রসিকিউশনের সাক্ষী তাদের জবানবন্দি পেশ করেন।
একই বছরের ১২ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের ৬টি অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করে ট্রাইব্যুনাল-১। এ সব অভিযোগে তদন্তকালে ৬০ জনেরও বেশি ব্যক্তির সাক্ষ্যগ্রহণ করা হয়। এ মামলাটি তদন্ত করেন তদন্ত সংস্থার কর্মকর্তা (আইও) এসএম ইদ্রিস আলী।
রাষ্ট্রপক্ষের এক আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্তের স্বার্থে ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি আজহারকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
২০১৩ সালের ১৮ জুলাই আজহারের বিরুদ্ধে ৬টি অভিযোগের ভিত্তিতে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। মোট ৪টি ভলিয়মে ৩শ পৃষ্ঠার নথিপত্র দাখিল করা হয়।
এর আগে গত বছরের ৪ জুলাই মানবতাবিরোধী অপরাধের ৯ ধরনের অভিযোগ তদন্ত শেষ করে তদন্ত সংস্থা প্রসিকিউশন বরাবর তদন্ত রিপোর্ট দাখিল করে।
জামায়াত নেতা এটিএম আজহারের বিরুদ্ধে রংপুর অঞ্চলে ১ হাজার ২২৫ জনকে গণহত্যা, ৪ জনকে হত্যা, ১৭ জনকে অপহরণ, একজনকে ধর্ষণ, ১৩ জনকে আটক ও ১৩ জনকে নির্যাতন করা এবং শতশত বাড়িঘরে অগ্নিসংযোগের সঙ্গে এ আসামি জড়িত ছিলেন বলে অভিযোগে বলা হয়।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালের আদেশে রাজধানীর মগবাজারস্থ নিজবাসা থেকে ২০১২ সালের ২২ আগস্ট আজহারকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।
ঢাকা, কেএ,২৬ আগস্ট,টাইমনিউজবিডি.কম,এসআর, জেএ





