রাজধানীর পশ্চিম নাখালপাড়ার পুরাতন এমপি হোস্টেল সংলগ্ন একটি বাড়িতে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে র‌্যাবের অভিযান চলছে। গুলাগুলিতে একাধিক কথিত জঙ্গি নিহত।

আজ (শুক্রবার) ভোররাত ৩টা থেকে ১৩/১ রুবি ভিলা নামের ওই বাড়ির ৫ম তলার অভিযান চালায় র‌্যাব সদস্যরা।

র‌্যাবের ভাষ্যমতে, র‌্যাবের উপস্থিতি টেরপেয়ে ভেতরে থেকে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ও গ্রেনেড ছুড়ে জঙ্গিরা। এসময় র‌্যাবও পাল্টাগুলি চালায়। এতে ওই ভবনের ভেতরে থাকা বেশ কয়েকজন জঙ্গি নিহত হয়েছেন। ভবনে নিরাপদ আছেন অন্য বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা রুহুল আমিন বলেন, ওই বাসায় কিছু ব্যাচেলর ভাড়া থাকে। তবে আমাদের কাছে কখনওই জঙ্গি বলে মনে হয়নি।

বাড়িটির ভেতরে বিপুল পরিমান বিস্ফোরণ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঘটনাস্থলে র‌্যাবের বোম ডিস্পোজাল টিমের সদস্যরা কাজ করছেন। ওই বাড়ির আশপাশ থেকে সাধারণ বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে বলে র‌্যাবের গণমাধ্যম শাখার কর্মকর্তা মেজর রইস জানান।

র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৬ তলা বাড়িটির ৫ম তলায় কয়েকজন জঙ্গি সদস্য রয়েছেন বলে তারা জানতে পারেন। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালাতে গেলে বাড়ির ভিতর থেকে গুলিবর্ষন ও গ্রেনেড ছুড়ে মারা হয়। র‌্যাব সদস্যরা পাল্টাগুলি ছুঁড়লে হতাহতের ঘটনা ঘটে। এতে দুই র‌্যাব সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি।

ভিতরে কয়েকজন জঙ্গির লাশ রয়েছে। এছাড়াও প্রচুর বিস্ফোরক ছড়ানো ছিটানো রয়েছে।

এমবি