আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আমরা চলতি বছর কমপক্ষে পাঁচ থেকে ছয় লাখ মামলা কমানোর পরিকল্পনা গ্রহণ করেছি। মামলা কমানোর যে পরিকল্পনা গ্রহণ করেছি এটা অবাস্তব নয়।
বুধবার (০১ জানুয়ারি) দুপুরে রাজধানীর জুডিশিয়াল ট্রেনিং ইন্সটিটিউটে সহকারী বিচারক এবং সমতুল্য বিচার বিভাগীয় জুডিশিয়াল কর্মকর্তাদের ৪০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, আমি যদি বলি এ বছরেই ৩০ লাখ মামলা নিষ্পত্তি করে ফেলব- এটা সম্ভব না। এবছর আমরা কমপক্ষে পাঁচ থেকে ছয় লাখ মামলা কমানোর পরিকল্পনা গ্রহণ করেছি। সেই পরিকল্পনা অনুযায়ী বিচারিক আদালতের লোকবল নিয়োগের পরিকল্পনা করছি।
আনিসুল হক বলেন, বিকল্পবিরোধ নিষ্পত্তি অবশ্যই আরও জোরদার করা হবে। বিকল্পবিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতা হচ্ছে, জনগণের কাছে এটার পরিচিতি সেভাবে গড়ে উঠেনি। যে সব মামলা আপসযোগ্য সেই সব মামলায় যেন আদালত বলেন, এ মামলা বাইরে নিষ্পত্তি করে ফেলেন। সেই উদ্যোগ যেন আদালত থেকে নেয়া হয়। সেই বিষয়ে আমরা সচেষ্ট রয়েছি। বিচারকদেরও আমরা এমন উদ্যোগ নেয়ার জন্য বারবার আহ্বান জানাচ্ছি।
বিকল্পবিরোধ নিষ্পত্তি বিষয়ে আইনজীবীদের মতবিরোধ রয়েছে? এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, আমার মনে হয় না আইনজীবীদের মধ্যে খুব একটা অনীহা রয়েছে। বিকল্পবিরোধ নিষ্পত্তি যদি কার্যকর হতে থাকে এবং জনগণের মধ্যে গ্রহণযোগ্যতা বাড়তে থাকে, তাহলে আইনজীবীরা এটার প্রতিবন্ধকতা হিসেবে থাকবেন বলে আমার মনে হয় না। গত ১০ বছরে জনগণের বিচার বিভাগের ওপর আস্থা বেড়েছে বলেও তিনি উল্লেখ করেন।
চার মাস মেয়াদী ৪০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে মোট ৪৫ জন সহকারী বিচারক এবং সমতুল্য বিচার বিভাগীয় জুডিশিয়াল কর্মকর্তারা অংশগ্রহণ করবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আইন ও সংসদবিষয়ক সচিব গোলাম সারোয়ার, জুডিসিয়াল ট্রেনিং ইন্সটিটিউটের মহাপরিচালক বিচারপতি খন্দকার মুসা খালেদ এবং কোর্স পরিচালক গোলাম কিবরিয়া প্রমুখ।
এমবি





