দায়িত্বভার গ্রহণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন রেজিস্ট্রার শহীদুল আলম ঝিনুক।
সোমবার তিনি বিদায়ী রেজিস্ট্রার মো. মোস্তাফিজুর রহমানের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।
ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শহীদুল আলম ঝিনুককে রোববার ট্রাইব্যুনালের রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এস. মোহাম্মাদ আলী স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে রাষ্ট্রপতির আদেশে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।
আইন মন্ত্রণালয়ের উপসচিব (মতামত) মো. মোস্তাফিজুর রহমান অতিরিক্ত দায়িত্ব হিসেবে গত বছরের ২৪ আগস্ট থেকে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার পদে ছিলেন। নতুন রেজিস্ট্রার দায়িত্ব নেওয়ায় তিনি তার মূল পদে ফিরে গেছেন।
এএইচ





