মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ১৯তম ও সর্বশেষ সাক্ষী তদন্ত কর্মকর্তাকে আসামিপক্ষের জেরা অব্যাহত রয়েছে। জেরা মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেছেন ট্রাইব্যুনাল।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চে এ সাক্ষী এস এম ইদ্রিস আলীকে তৃতীয় দিনের মতো জেরা করেন আজহারের আইনজীবী আব্দুস সোবহান।

গত ১৫ জুন সাক্ষ্য দেওয়ার পর ২২ জুন তাকে জেরা শুরু করেন একই আইনজীবী। জেরা অসমাপ্ত অবস্থায় মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেন

গত বছরের ৫ ডিসেম্বর আজহারের বিরুদ্ধে সূচনা বক্তব্য (ওপেনিং স্টেটমেন্ট) উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর একেএম সাইফুল ইসলাম।

এটিএম আজহারের বিরুদ্ধে গণহত্যা, হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, নির্যাতন, আটক, অপহরণ, গুরুতর জখম ও অগ্নিসংযোগের ৬টি অভিযোগ আনা হয়েছে। এছাড়া সুপিরিয়র রেসপনসিবিলিটিতেও(উর্ধ্বতন নেতৃত্বের দায়) অভিযুক্ত হয়েছেন তিনি।

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর আদেশে ২০১২ সালের ২২ আগস্ট ঢাকার মগবাজারের বাসা থেকে গ্রেফতার করার পর হতে এটিএম আজহারুল ইসলাম কারাগারে আছেন।

ঢাকা, কেএ ৩০ জুন(টাইমনিউজবিডি.কম)// এসআর