আলোচিত পিনাক-৬ লঞ্চ দুর্ঘটনায় দায়ের করা মামলায় হাইকোর্ট থেকে জামিন নেয়া লঞ্চের মালিক আবু বকর সিদ্দিক কালুর জামিন আদেশ দুই সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

বৃহস্পতিবার জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন। এর আগে ২ মার্চ সোমবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চ থেকে পিনাকের মালিক চার সপ্তাহের জন্য জামিন নেন।

গত বছরের ৪ আগস্ট মাদারীপুরের কাওড়াকান্দি থেকে মাওয়া ঘাটে যাওয়ার সময় পদ্মায় দুই শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় পিনাক-৬ লঞ্চটি। পরের দিন ওই ঘটনায় বেপরোয়া যান চলাচল, অতিরিক্ত যাত্রী বহন ও অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে লঞ্চ মালিক আবু বকর, লঞ্চের চালক নবী ও কাওড়াকান্দি ঘাট পরিচালনাকারী আবদুল হাই সিকদারসহ ছয়জনের বিরুদ্ধে লৌহজং থানায় মামলা করেন বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক জাহাঙ্গীর ভূঁইয়া।

পরে ১৪ আগস্ট চট্টগ্রামের আগ্রাবাদ হাউজিং এলাকা থেকে লঞ্চ মালিক আবু বকরকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারের পর চলতি বছরের ২৫ জানুয়ারি বিচারিক আদালত তার জামিন নাকচ করেন। পরে এর বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করলে সোমবার তার ছয় মাসের জামিন মঞ্জুর করা হয়।

জেআই