বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকীর করা মানহানি মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৩১ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

রোববার এ মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। মামলার বাদী আদালতে হাজির হলেও অভিযুক্ত মোশাররফ হোসেনকে কারাগার থেকে আদালতে হাজির না করায় আসামি পক্ষের আইনজীবীরা আদালতের কাছে সাক্ষ্যগ্রহণ পেছানোর জন্য সময় আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম(এমএম) আতাউল হক এ আবেদন মঞ্জুর করে পরবর্তী এ দিন ধার্য করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ৩১ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘তত্ত্বাবধায়ক পদ্ধতি বাতিল করে ষড়যন্ত্রের মাধ্যমে আবার ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে সরকার। যদি জোর করে ক্ষমতায় থাকতে চায়, তাহলে সরকারকে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) পঁচাত্তরের পরিণতি ভোগ করতে হবে।’

এর পরের দিন দেশের বিভিন্ন গণমাধ্যমে এ খবর প্রচারিত হলে বাদীর মানহানি হয়েছে এমন অভিযোগে জননেত্রী পরিষদের আলোচিত সভাপতি এ বি সিদ্দিকী ২০১৩ সালের ২০ জানুয়ারি আদালতে মামলাটি দায়ের করেন। ২০১৪ সালের ২৭ অক্টোবর ঢাকা মহানগর হাকিম আতাউল হক মোশাররফের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

এএইচ