জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জুবায়ের হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার জেরার জন্য ১৯ অক্টোবর ধার্য করেছেন আদালত।
ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারপতি এবিএম নিজামুল হকের আদালতে বৃহস্পতিবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা বর্তমান ডিবি পুলিশ পরিদর্শক মীর শাহীন শাহ পারভেজকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ রেজাওয়ানুর রহমান।
তার জেরা সমাপ্ত না হওয়ায় পরবর্তী জেরার জন্য আদালত এ দিন ধার্য করেন। এ মামলার ৩৭ জন সাক্ষীর মধ্যে ২৭ জন ট্রাইব্যুনালে বিভিন্ন সময়ে সাক্ষ্য দিয়েছেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১২ সালের ৮ জানুয়ারি বিকেলে জুবায়ের আহমেদকে প্রতিপক্ষ ছাত্রলীগ নেতাকর্মীরা কুপিয়ে জখম করে। পরদিন ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জুবায়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হলের ছাত্র ছিলেন। তার বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়ায়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে আশুলিয়া থানায় ১৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে।
আসামিরা হলেন— প্রাণিবিদ্যা বিভাগের ছাত্র খন্দকার আশিকুল ইসলাম ও খান মোহাম্মদ রইস, দর্শন বিভাগের নাজমুল হুসেইন প্লাবন, শফিউল আলম সেতু, অভিনন্দন কুণ্ডু অভি, মাহমুদুল হাসান মাসুদ, রাশেদুল ইসলাম, ইসতিয়াক মেহবুব অরূপ, সরকার ও রাজনীতি বিভাগের মাহবুব আকরাম, জাহিদ হাসান, নাজমুস সাকিব তপু, মাজহারুল ইসলাম ও কামরুজ্জামান সোহাগ।
কেএইচ





