নোয়াখালীর হাতিয়ায় ৭ পুলিশকে পিটিয়ে আসামী রাকিবকে ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর’সহ একাধিক মামলা রয়েছে।

আজ (বৃহস্পতিবার) বিকাল ৫টার দিকে উপজেলা সদরের উছখালী বাজারে এই হামলা ও আসামী ছিনতাইয়ের ঘটনা ঘটে।

হাতিয়া থানার অফিসার ইন-চার্জ কামরুজ্জামান সিকদার জানান, বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে হাতিয়া থানার একাধিক মামলার আসামী রাকিব হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করে চিকিৎসাধীন আলতাফ হোসেন নামের এক রোগীকে পিটিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের করে দেয়ার চেষ্টা করে।

পরে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়রা রাকিবকে ধাওয়া করলে তিনি পালিয়ে যায়। এই খবর পেয়ে হাতিয়া থানা পুলিশ উছখালী বাজারে নিজ দোকান থেকে রাকিবকে গ্রেফতার করে পুলিশ।

থানায় নিয়ে যাওয়ার সময় তার সাথে থাকা ২০/২৫ জন সহযোগী পুলিশের উপর হামলা চালিয়ে রাকিবকে ছিনিয়ে নিয়ে যায়। সন্ত্রাসীদের হামলায় হাতিয়া থানার এসআই নুরুজ্জামান, নিজাম, এএসআই ইকবাল, আসিফ ও পাতেল’সহ ৭ পুলিশ আহত হয়।

এসময় সন্ত্রাসীরা পুলিশের ২টি মোটরসাইকেল ভাংচুর করে। হামলার ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও ওসি জানিয়েছেন।

এমবি