রাজধানীর ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার ছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত শিক্ষক পরিমল জয়ধরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ১৯ আগস্ট ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
রোববার এ মামলার দক্ষিণ কেরানীগঞ্জের হাজী লাটসাহেবের বাড়ির কেয়ারটেকার সাক্ষ্য দিয়েছেন। ধর্ষণের পর পরিমল জয়ধর এ বাড়িতে পালিয়েছিলেন। সাক্ষ্যগ্রহণ শেষে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক সালেহ উদ্দিন আহমেদ ১৯ আগস্ট পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেন।
সাক্ষ্যগ্রহণকালে আসামি পরিমল জয়ধরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ পর্যন্ত মামলাটিতে ২৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষ করেছে ট্রাইব্যুনাল।
মামলা সূত্রে জানা যায়, ভিকারুননেসা নূন স্কুলের বসুন্ধরা শাখার ছাত্রীকে প্রলোভন দেখিয়ে ২০১১ সালের ২৮ মে ধর্ষণ করে শিক্ষক পরিমল। ধর্ষণের সময় ছাত্রীর নগ্ন ছবি মোবাইলে ভিডিও করে এ শিক্ষক। পরে ধারণকৃত ভিডিও প্রকাশ করার কথা বলে একই বছরের ১৭ জুন আবারও তাকে ধর্ষণ করা হয়। এরপর শিক্ষক পরিমলের বিরুদ্ধে ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে বাড্ডা থানায় মামলা দায়ের করেন ছাত্রীর অভিভাবক।
২০১১ সালের ৬ জুলাই শিক্ষক পরিমলকে আটক করে পুলিশ। ২০১২ সালের ৭ মার্চ আসামি পরিমলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।
কেএইচ





