প্রাণভিক্ষা চেয়ে প্রেসিডেন্টের কাছে করা হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানের আবেদন খারিজ হয়েছে।
সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত প্রধান আসামির বিরুদ্ধে এখন জেলকোড অনুযায়ি পরবর্তী ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বিষয়টি সর্ম্পকে নিশ্চিত করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রেসিডেন্ট মুফতি হান্নানের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দিয়েছেন। আমরা জেলকোড অনুযায়ি পরবর্তী ব্যবস্থা নেব।
এর আগে গত ২৭শে মার্চ মুফতি হান্নানের প্রাণভিক্ষার আবেদন হাতে পায় কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার মিজানুর রহমান। ওই দিন তিনি বলেন, সন্ধ্যা পৌনে ৬টার দিকে মুফতি হান্নান লিখিতভাবে প্রেসিডেন্টের কাছে প্রাণভিক্ষা চেয়েছেন। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা প্রেসিডেন্টের কাছে পাঠানো হয়।
এদিকে গত ১৯ শে মার্চ মুফতি আব্দুল হান্নানকে সর্বোচ্চ আদালতের দেয়া মৃত্যুদন্ডের রায় রিভিউর আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বাংলাদেশে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর হামলার ঘটনায় তাকে মৃত্যুদন্ড দিয়েছিলো সর্বোচ্চ আদালত।
২০০৪ সালের ২১ শে মে সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজারের ফটকে আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার ঘটনায় তিনিসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন ও নিহত হন পুলিশ কর্মকর্তাসহ ৩জন।
মামলার বিচার শেষে ২০০৮ সালের ২৩ ডিসেম্বর বিচারিক আদালত ৫ আসামির মধ্যে মুফতি হান্নান, বিপুল ও রিপনকে মৃত্যুদন্ড এবং মহিবুল্লাহ ও আবু জান্দালকে যাবজ্জীবন কারাদন্ড দেন।
পরে গত বছরের ০৬ জানুয়ারি এ মামলায় হাইকোর্টে শুনানি শুরু হয়ে ৩ রা ফেব্রুয়ারি শেষ হয়। বিচারিক আদালতের দন্ড বহাল রেখে ১১ই ফেব্রুয়ারি রায় ঘোষণা করেন হাইকোর্ট।
এমবি





