সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরকে চাঁদপুরে বার্ষিক মিলাদ মাহফিলে লাঞ্ছিত করার ঘটনায় করা মামলায় ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন।
মঙ্গলবার বিকালে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন।
এর আগে একই বেঞ্চ রাজধানীর গুলশান থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় মিলনকে ছয় সপ্তাহের জামিন দিয়েছেন।
গত ১৬ জানুয়ারি চাঁদপুরের কচুয়া থানার উজানী ওরশ মাহফিলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর লাঞ্ছিত হন। ওই ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগে এহসানুল হক মিলনসহ ৪২ জনকে আসামী করে মামলা দায়ের করেন। কচুয়া থানার এস আই শামসুদ্দিন বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
রাজধানীর গুলশানের ফারমার্স ব্যাংকে বোমা নিক্ষেপের ঘটনায় ব্যাংকের এক নিরাপত্তা কর্মকর্তা বাদি হয়ে মিলনসহ ১২ জনের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেন।

এহসানুল হক মিলন মঙ্গলবার সশরীরে আদালতে উপস্থিত হয়ে দুই মামলায় জামিনের আবেদন করলে আদালত তাকে দুই মামলায় ৬ সপ্তাহের আগাম জামনি মঞ্জুর করেন বলে তার আইনজীবী এস এম মুনির জানিয়েছেন।
আদালতে মিলনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও এস এম মুনির।
ঢাকা, জানুয়ারি ২৮ (টাইমনিউজবিডি.কম) // জিই