রাজধানীর শনির আখড়ায় একজন টিভি উপস্থাপিকা (২৩) ধর্ষণের শিকার হয়েছেন। তিনি উপস্থাপনার পাশাপাশি অভিনয়ও করেন। গত ২ আগস্ট ধর্ষণের ঘটনা ঘটলেও তিনি গতকাল বুধবার রাতে কদমতলী থানায় অভিযোগ করেন। ধর্ষণের ঘটনাটি গোপনে ভিডিও করে ধর্ষক উপস্থাপিকাকে নিয়মিত ব্লাকমেইল করে আসছিল।
এই তরুণী উপস্থাপিকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। মডেল ও উপস্থাপনার পাশাপাশি নাটকেও অভিনয় করেন তিনি। অভিযুক্ত ধর্ষকও অভিনয় পেশার সঙ্গে জড়িত। এর সূত্র ধরেই উঠতি এই অভিনেতা ও মডেলের সঙ্গে তার পরিচয় হয়।
সূত্র জানায়, ঘটনার দিন উপস্থাপিকা তার পূর্ব পরিচিত ওই অভিনেতার সঙ্গে শনির আখড়ার নূরপুর এলাকায় বোনের বাসায় আড্ডা দিচ্ছিলেন। তখন বাসায় বোন উপস্থিত ছিলেন না। এই সুযোগে ওই অভিনেতা তাকে ধর্ষণ করে। পাশাপাশি ধর্ষণের দৃশ্য গোপনে ভিডিও করে রাখে। পরে তরুণী উপস্থাপিকা এ বিষয়ে পুলিশের কাছে যেতে চাইলে তাকে বিয়ে করার আশ্বাস দেয়। তরুণী খোঁজ নিয়ে জানেন ওই অভিনেতা বিবাহিত। একপর্যায়ে ওই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয় অভিনেতা। এ নিয়ে ক’দিন ধরে তরুণীকে ব্লাকমেইল করে আসছিল ওই যুবক। শেষ পর্যন্ত আর সহ্য করতে না পেরে গতকাল রাতে পুলিশের কাছে যান তরুণী।
কদমতলী থানার ওসি ওয়াজেদ আলী জানান, উপস্থাপিকার অভিযোগ তারা পেয়েছেন এবং একটি মামলাও হয়েছে। অভিযুক্ত ব্যাক্তি পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য থানার একটি টিম অভিযান শুরু করেছে।
এএইচ





