বাবা-মায়ের হত্যার দায় নিয়ে দুই বছরের মতো বন্দি রয়েছেন পুলিশ কন্যা ঐশী রহমান। কারাগারে এবার তার তৃতীয় ঈদ। বাবা-মা বেঁচে থাকলে কত কেনা কাটা কত আনন্দ ছিল তার।
তবে বাবা-মা নেই তো কি হয়েছে এবার ঈদেও তার চাচা মশিউর রহমান রুবেল তাকে দুই সেট নতুন কাপড় কিনে দিয়েছেন। সঙ্গে খরচ করার জন্য প্রিজন ক্যন্টিনে আড়াই হাজার টাকা জমা করেছেন।
মশিউর রহমান রুবেল বলেন, প্রায় এক সপ্তাহ আগে আমি ঢাকায় গিয়েছিলাম। ঐশীকে দুই সেট নতুন জামা কাপড় কিনে দিয়ে এসেছি। আর খরচের জন্য প্রিজন ক্যান্টিনে আড়াই হাজার টাকা জমা করে দিয়ে এসেছি। ঐশীর ছোট ভাই ওহী রহমান আমার সঙ্গে আছে।
আমরা আগামিকাল ময়মনসিংহের হালুয়াঘাটের গ্রামের বাড়িতে ঈদ করব। ঐশীর জন্য আমাদের মনটা খুব খারাপ। ও যদি আজকে বাইরে থাকত। অন্তত ছোট ভাই ওহীর সঙ্গে ঈদ করতে পারত।
জামা কাপড় ও টাকা কীভাবে দিয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার নিজের বেতনের টাকা দিয়ে দিয়েছি। আজ প্রায় দুই বছর হলেও ঐশীর বাবার পেনশনের টাকা আজও পায়নি।
কারাগার সূত্র জানায়, ঈদের দিন সকালে গোসল করে নতুন জামা কাপড় পরবে ঐশী। এরপর ঈদের শুভেচ্ছা বিনিময় করবে সকল বন্দিদের সঙ্গে।
কারাগারে সকল বন্দিদের সঙ্গে ঐশী সকালে মুড়ি ও সেমাই, দুপুরে রুই মাছ, ডিম আলুরদম ও সাদা ভাত। এছাড়াও রাতে খাবে পোলাও আধাকেজি গরুর গোশত ও একটি মিষ্টি।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মো. নেসার আলম বলেন, ঐশী কারাগারে সুন্দরভাবে ঈদ করবে। সে ভালো আছে।
এসএইচ





