রাজধানীর কলাবাগান থেকে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-২। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সোয়া ১টায় হাতিরপুল পুকুর পাড়ের ৩৬৭/বি ফ্রিস্কুল স্ট্রিট রোড থেকে তাদেরকে আটক করা হয়।

আটকদের নাম, সাব্বির হোসেন ওরফে জনি (২৪), তার বাড়ি ফ্রিস্কুল রোডে ও রাজু আহমেদ ওরফে রাজু (২৪), তার বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজারে।

মঙ্গলবার বিকাল ৫টায় আগারগাঁওয়ে র‌্যাব-২ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন এএসপি রায়হান উদ্দিন খান।

তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ১৭ আগস্ট বিকাল অনুমান ৫টায় ভুক্তভোগী রুবেল আহমেদ রাজধানীস্থ কাজীপাড়ার বাসিন্দা (গ্রামের বাড়ি- নরসিংদী জেলার শিবপুরের নয়াপাড়ায়) ও তার দীর্ঘ দিনের বন্ধু মোঃ দুলালের (২৮) সাথে তার আইপ্যাড মোবাইল ফোনটি বিক্রয় করার ব্যাপারে কথা হয়।

দুলাল রুবেলকে ইষ্টার্ন প্লাজার পিছনের গেইটে আসতে বলে। এর পর দুলালের সাথে এর বন্ধু (জনি)কে দেখতে পায় এবং দুলাল তাকে রুবেলের সাথে পরিচয় করিয়ে দেয়। আইপ্যাড নিয়ে কথোপকথনের সময় জনি আইপ্যাডটি তার নিকট বিক্রয় করার জন্য প্রস্তাব দেয় এবং এতে রুবেল রাজি হয়ে যায়।

জনি এক ঘন্টা সময় চায় এবং তার বাসার নিচে (৩৬৭/বি, ফ্রি স্কুল স্ট্রীটরোড, হাতিরপুর, থানাঃ কলাবাগান) আসতে বলে। এর পর জনি রুবেলকে তার বাসার ছয় তলায় নিয়ে যায়। রুবেল রুমে গিয়ে ৪/৫ জন ছেলে ও ১জন মেয়েকে ইয়াবা সেবন করতে দেখে। রুবেল এই পরিবেশে থাকতে অপারগতা প্রকাশ করলে জনি ঐ ছেলে গুলোকে বের করে দেয়, তবে মেয়েটি থেকে যায়। মেয়েটি সম্পর্কে জনি বলে ও আমাদের ভাল বন্ধু, ও থাকলে কোন সমস্যা নেই।

এরপর কথোপকথোনের এক পর্যায়ে জনি রুবেল এর মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে বিবস্ত্র করে এবং মেয়েটির সাথে অনৈতিক কার্যকলাপ করছে এইভাবে সম্পুর্ণ বিষয়গুলি তারা ডিজিটাল ক্যামেরার মাধ্যমে ভিডিওচিত্র ধারন করে এবং বেশ কয়েকটি ছবি তোলে। এরপর মেয়েটি চলে যায়। অতঃপর জনি ও রাজু তার অশ্লীল ভিডিও চিত্রটি দেখিয়ে তা ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দেয় এবং ৪ লক্ষ টাকা দেওয়ার জন্য চাপ দেয়। একই সাথে তারা রুবেলের সাথে থাকা মোবাইল ফোন ও পকেটে থাকা ৫,২০০/- টাকা জোর পূর্বক ছিনিয়ে নেয়।

এরপর রুবেল ভয় পেয়ে টাকা দেয়ার প্রতিশ্রুতি দেয় এবং তাকে তার অফিসে যাওয়ার জন্য বলে। এক্ষেত্রে জনি মুক্তিপন হিসেবে যে কোন একজন কাছের আত্মীয়কে তার বাসায় আসার জন্য রুবেলকে দিয়ে ফোন করায়। রুবেল তখন ফোন করে তার এক বন্ধু শাহাদাৎকে আনায় এবং জনি রুবেলকে নিয়ে তার অফিস কাওরান বাজার, ডিএডি মার্কেট, ২য় তলা, রুম নং-৩৩ এ নিয়ে আসে।

আসার সময় জনির সাথে হাতিরপুল মোড় থেকে আরো ৩/৪ জন মটর সাইকেলযোগে আসে। তারা অফিসে এসে ৪ লক্ষ টাকা চাঁদা না দিলে বা আইনের আশ্রয় গ্রহণ করিলে রুবেলকে জীবনে মেরে ফেলার হুমকি প্রদান করে। এরপর রুবেল সুকৌশলে তাদের হাত থেকে বের হয়ে আসে। তখন অবস্থা বেসামাল দেখে জনি ও তার বন্ধুরা শাহাদৎকে ছেড়ে দেয়।

এসময় তাদের কাজে ব্যবহৃত ৩টি ডিজিটাল ক্যামেরা, আসল পিস্তল সদৃশ ১টি খেলনা পিস্তল এবং ১০টি মোবাইল সেট জব্দ করা হয়। এই মোবাইল সেটগুলো তারা বিভিন্ন অপারেটরের বহু সংখ্যক সিম ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি এড়ানোর জন্য ব্যবহার করত। জব্দকৃত মোবাইল সেটের ভিতরে অশ্লীল ভিডিও ধারনের কপি পাওয়া যায়।

র‌্যাব-২ জানিয়েছে, 'এই চক্রটি দীর্ঘদিন যাবত এ ধরনের অনৈতিক কাজ করে আসছে এবং ব্ল্যাক মেইল করে মানুষের কাছ থেকে অনেক টাকা আদায় করছে এবং এই ধরনের বিভিন্ন অভিযোগ আমাদের কাছে আসছে যার তদন্ত চলছে। আসামীদের জিজ্ঞাসাবাদে আরও বেশকিছু নাম পাওয়া গেছে এবং তাদের ধরার ব্যপারে আমাদের অভিযান চলমান থাকবে।'

ঢাকা, জেইউ, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর