৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার পুন:মূল্যায়ন করা ফলাফলে বাদ পড়া ২৮০ আদিবাসী পরীক্ষার্থীদের অন্তর্ভূক্ত করতে সরকারি কর্মকমিশন (পিএসসি)-কে নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ এ আদেশ দেন।
গত বছরের ৩১ জুলাই আদিবাসী কোটায় ২৮০ জনকে বাদ দিয়ে প্রকাশিত ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার পুন:মূল্যায়ন করা ফল কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। রুলে চার সপ্তাহের মধ্যে জবাব চেয়েছিলও আদালত।
বাদ পড়া পরীক্ষার্থীদের মধ্যে বিনয় পাপ্পুসহ ৫৯ জন পরীক্ষার্থীর রিট আবেদনের প্রেক্ষিতে এ রুল জারি করা হয়েছিল।
গত বছরের ৮ জুলাই ৩৪তম বিসিএসে প্রথম ফলাফলে কোটার ভিত্তিতে ১২ হাজার ৩৩ জন উত্তীর্ণ হন।
প্রথম ফলাফলে মেধাবীরা বাদ পড়েছে এমন দাবি তুলে অন্যান্য শিক্ষার্থীদের আন্দোলনের ফলে গত বছরের ১৪ জুলাই পুনর্মূল্যায়ন করা ফল প্রকাশ করা হয়।
৩৪তম বিসিএসের প্রথম প্রকাশিত ফলাফলে ৪৬ হাজার ২৫০ জন কৃতকার্য হয়েছিল, যার মধ্যে ২৮০ আদিবাসী উত্তীর্ণ হয়েছিলো।কিন্তু উপজাতি কোটার ২৮০ জন বাদ পড়ে।
আদালতে রিটকারীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেছুর রহমান।
জানতে চাইলে জ্যোতির্ময় বড়ুয়া সাংবাদিকদের বলেন, কোন পরীক্ষায় প্রথম ফলাফলে কৃতকার্য হলে দ্বিতীয়বার মূল্যায়নে পর ওই কৃতকার্যদের থেকে বাদ যাবে দেশে এমন কোন আইন বা নজির নেই। কিন্তু ৩৪তম বিসিএসে প্রথম ফলাফলে ২৮০ জন আধিবাসী থাকলেও দ্বিতীয় ফলাফলে তাদেরকে বাদ দেওয়া হয়।
এই বিষয়ে আদালতে তিনি এমন যুক্তি উপস্থাপন করেন। আদালত তার যুক্তিতে সন্তুষ্ট হয়ে রিটকারীদের পক্ষে এ আদেশ দেন।
[b]ঢাকা, জিই ফেব্রুয়ারি ১১ (টাইমনিউজবিডি.কম)
[/b]