সিরাজগঞ্জের শাহাজাদপুরে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারিবাড়ির সৌন্দর্য্য রক্ষায় কাছারিবাড়ি সংলগ্ন নির্মাণাধীন ভবন নির্মাণ বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রোববার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মো: আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন।
একই সঙ্গে রবীন্দ্র কাছারিবাড়ির সৌন্দর্য্য রক্ষায় কেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হবে না এবং কাছারিবাড়ির দক্ষিণ পাশ ঘেঁষে নির্মাণাধীন অবৈধ ভবন ভেঙে কেন অপসারণ করা হবে না মর্মে ৪ সপ্তাহের রুলও জারি করা হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব, প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক, সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার, প্রত্নতত্ত্ব অধিদফতরের রাজশাহীর আঞ্চলিক পরিচালক, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), শাহজাদপুর থানার ওসি, শাহজাদপুর পৌরসভার মেয়র, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, রবীন্দ্র কাছারিবাড়ির সংরক্ষক এবং ইয়ান মার্চেন্ট অ্যাসোসিয়শনের মো. রমজান আলীকে রুলে বিবাদী করা হয়েছে।
বিবাদীদেরকে ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে গত ৭ আগষ্ট সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশ এর পক্ষে জনস্বার্থে আইনজীবী মনজিল মোরসেদ এ রিটটি দায়ের করেন।
মনজিল মোরসেদ জানান, একটি জাতীয় দৈনিকে ‘নিষেধ অমান্য করে রবীন্দ্র কাছারিবাড়ি ঘেঁষে উঠছে ভবন’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদন যুক্ত করে রিটটি করা হয়।
প্রতিবেদনে বলা হয়, সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র কাছারিবাড়ির দক্ষিণ সীমানা প্রাচীরের মাত্র ১০ ফুট দূরে বহুতল ভবনটি উঠছে। এতে রবীন্দ্র কাছারিবাড়ির সৌন্দর্য্য নষ্ট হবে তাই রিটটি দায়ের করা হয়েছে।
ঢাকা, কেএ,১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





