মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারকৃত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে ৪টি অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল।
তার বিরুদ্ধে আনিত ১৪টি অভিযোগের মধ্যে ১, ৫, ৮ ও ১৩ নম্বর অভিযোগ প্রমাণ হয়নি। এছাড়াও প্রমাণিত ১০টি অভিযোগের মধ্যে ১১ ও ১২ নম্বর অভিযোগে তাকে ফাঁসির আদেশ দেয়া হয়। আর ২, ৩, ৪, ৬, ৭, ৯, ১০ ও ১৪ নম্বর অভিযোগে সর্বমোট ৭২ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
রোববার বিচারপতি ওবাইদুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মুজিবুর রহমান ও বিচারপতি মো. শাহিনুর ইসলাম।
এর আগে রোববার সকাল ১০টা ৫৮ মিনিটে ৩৫১ পৃষ্ঠার এই রায়ের সারসংক্ষেপ পড়া শুরু হয়। এর আগে ট্রাইব্যুনালের হাজতখানা থেকে এজলাসে নেয়া হয় মীর কাসেম আলীকে। ওই দিন সকাল ৯টা ১৭ মিনিটে কারাগার থেকে তাকে ট্রাইব্যুনালে আনা হয়।
২০১২ সালের ১৭ জুন মীর কাসেম আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে ওইদিন বিকালে মতিঝিলে দৈনিক নয়া দিগন্ত কার্যালয় (দিগন্ত মিডিয়া কর্পোরেশন) থেকে তাকে গ্রেফতার করে বিকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
কেএ/ এআর





