রাষ্ট্রীয় উপহার আত্মসাৎ মামলায় ৩ বছরের সাজা বাতিল করে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

সাজা বাতিলে এরশাদের করা আপিল, সাজা বৃদ্ধি করতে রাষ্ট্রপক্ষের আপিল এবং দুদকের করা আপিলের শুনানি শেষে আজ মঙ্গলবার বিচারপতি রুহুল কুদ্দুছ ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বেলা ১১টা থেকে রায় পড়া শুরু করেন বিচারকরা।

এর আগে গত ১২ এপ্রিল মামলার শুনানি শেষে রায় ঘোষণা জন্য আজ ৯ মে দিন নির্ধারণ করেন।

উল্লেখ্য, ১৯৮৩ সালের ১১ ডিসেম্বর থেকে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রপতি থাকাকালে বিভিন্ন উপহার রাষ্ট্রীয় কোষাগারে জমা না দেয়ার অভিযোগ ওঠে এরশাদের বিরুদ্ধে।

ওই অভিযোগে ১৯৯১ সালের ৮ জানুয়ারি তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর উপ-পরিচালক সালেহ উদ্দিন আহমেদ সেনানিবাস থানায় এরশাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। মামলায় এক কোটি ৯০ লাখ ৮১ হাজার ৫৬৫ টাকা আর্থিক অনিয়মের অভিযোগ আনা হয়।

এমবি