আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ‘দিল্লি জাইকা’ নামে ৪৫.১৬ বর্গমিটার রেস্তোরাঁটি বুধবার নিলামে তোলা হবে। ভেন্ডি বাজার এলাকার পাকমোদিয়া স্টিটে ওই রেস্তোরাঁটি অবস্থিত। ১৯৯৩ সালে মুম্বাই ধারাবাহিক বিস্ফোরণের পর রেস্তোরাঁটি বাজেয়াপ্ত করে সিবিআই।
মঙ্গলবার ছিল নিলামের আবেদন জমা দেয়ার শেষ দিন। যদিও খুব বেশি লোকজন এই রোস্তোরাঁটি কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেনি। আজ নিলামে সম্ভবত রেস্তোরাঁটির প্রথম দাম হাঁকা হবে ১ কোটি, ১৮ লক্ষ টাকা। হোটেল ডিপ্লোম্যাটে এ নিলাম সংক্রান্ত প্রক্রিয়ার আয়োজন করা হবে।
দাউদের সম্পত্তিটি এভাবে নিলামে বিক্রি করা হচ্ছে ১৯৭৬ সালের চোরাচালান ও ফরেন এক্সচেঞ্জ ম্যানিপুলেটরস্ আইন এবং নার্কোটিক ড্রাগস এবং সাইকোট্রপিক সাবস্ট্যানস আইনের অধীনে।
প্রসঙ্গত, রেস্তোরাঁটির আগের নাম ছিল হোটেল রৌনক আফরোজ। পরে সেটির নাম পরিবর্তন করে রাখা হয় দিল্লি জাইকা। এটাই প্রথম নয়। এর আগেও দাউদের বেনামী সম্পত্তি নিলামে উঠেছিল। আয়কর দফতর এর আগে দাউদের ১১ টি সম্পত্তি নিলামে বিক্রি করেছিল।
তবে এই নিলামে অংশ না নেয়ার জন্য ফোনে হুমকি এসেছে সাংবাদিক এস বালকৃষ্ণনের কাছে।
এমএ





