চট্টগ্রাম থেকে সেন্টমার্টিন দ্বীপে যাওয়ার সময় বিলাসবহুল প্রমোদতরী ‘এমভি বেওয়ানে’র ইঞ্জিনরুমে আগুন লাগে।

গত বৃহস্পতিবার গভীর রাতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উপকূলের কাছাকাছি এ ঘটনা ঘটে।

এ সময় ওই জাহাজে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকসহ প্রায় ৮০০ যাত্রী ছিলেন। জাহাজের কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হলেও যাত্রীদের অনুরোধে যাত্রা বাতিল করে শুক্রবার দুপুরে জাহাজটিকে পুনরায় চট্টগ্রামে ফিরিয়ে আনা হয়।

জাহাজের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জাহাজটির মালিকপক্ষ জানিয়েছে। তারা জানান, প্রয়োজনীয় মেরামত শেষে পূর্ব নির্ধারিত শিডিউল ঠিক রেখে চট্টগ্রাম-সেন্টমার্টিন রুটে জাহাজটি চলাচল করবে।  

জাহাজ থেকে নিরাপদে নেমে আসছেন পর্যটকরা। ছবি: মোস্তাফিজুর রহমান

গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এমভি বেওয়ান জাহাজটি নগরীর পতেঙ্গার ওয়াটারবাস টার্মিনাল থেকে সেন্ট মার্টিনের উদ্দেশে যাত্রা শুরু করে।

রাত ১টার দিকে জাহাজের পঞ্চমতলায় ইঞ্জিনরুম থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার জন্য যাত্রীদের লাইফ জ্যাকেট পরানো হয়।

জাহাজের মালিক কর্তৃপক্ষ কর্ণফুলী শিপবিল্ডার্স লিমিটেডের মহাব্যবস্থাপক মোহাম্মদ হাসানুর রহমান ইত্তেফাককে বলেন, জাহাজে বড় ধরনের সমস্যা হয়নি।

ইঞ্জিনরুমে শর্ট সার্কিট হয়ে ধোঁয়া বের হচ্ছিল। দুই-তিন মিনিটের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যায়। তবে যাত্রীরা আর সেন্টমার্টিন যেতে না চাওয়ায় পুনরায় জাহাজটিকে চট্টগ্রামে ফিরিয়ে আনা হয়। 

এইচএন