সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতা এম. মোরশেদ খান ও তার স্ত্রী-পুত্রের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় জয়েন্ট স্টক কোম্পানির ৩ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে ২ টা পর্যন্ত দুদকের উপ-পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী তাদের জিজ্ঞাসাবাদ করেন। ওই ৩ কর্মকর্তা হলেন-জয়েন্ট স্টকের সহ-নিবন্ধক রঞ্জিত কুমার রায়, এক্সামিনার অব একাউন্টস সিরাজউদ্দিন এবং উচ্চমান সহকারী আবুল কালাম আজাদ।
জানা যায়-সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম. মোরশেদ খান, তার স্ত্রী নাসরিন মোরশেদ, পুত্র ফয়সাল মোরশেদ খান স্ট্যান্ডার্ড ব্যাংকের হংকং শাখায় ১১টি অ্যাকাউন্ট খোলেন। এর মধ্যে তাদের মালিকানাধীন ফার-ইস্ট টেলিকমিউনিকেশন লিমিটেড'র নামে খোলেন ৭টি অ্যাকাউন্ট। দুটি অ্যাকাউন্ট মোরশেদ খান নিজের এবং দুটি একাউন্ট পুত্র ফয়সালের নামে খোলেন।
বিধি অনুযায়ী, বিদেশে কোনো অ্যাকাউন্ট খোলার আগে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হয়।
কিন্তু মোরশেদ খান পরিবারের সদস্যরা এ অনুমোদন নেননি। যা অর্থ পাচার আইনে দণ্ডনীয় অপরাধ।
এ ঘটনায় ২০১৩ সালের ৩১ ডিসেম্বর রাজধানীর গুলশান থানায় মামলা করে দুদক। এদিকে মামলা তদন্তের শেষ পর্যায়ে ৩ জয়েন্ট স্টক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
একে, জেএ





