রাজধানী ঢাকার পুরাতন বিমানবন্দর এলাকায় কুকুরের মুখ থেকে উদ্ধার করা শিশুটি এখন সম্পূর্ণ সুস্থ বলে জানিয়েছেন চিকিৎসক।
২৪ দিন বয়সী এই শিশুটিকে বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষর সমাজ সেবা অধিদপ্তরের কাছে হস্তান্তর করার কথা। এই হস্তান্তর প্রক্রিয়ায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম উপস্থিত থাকবেন। এর পর থেকে শিশুটির ঠিকানা হবে শিশু নিবাসে বলে জানান ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মিজানুর রহমান।
বর্তমানে শিশুটি ঢামেক হাসপাতালের নবজাতক বিভাগের প্রধান অধ্যাপক ডা. আবিদ হোসেন মোল্লা এর তত্ত্বাবধানে রয়েছে। তিনি জানান, শিশুটি এখন সম্পূর্ণ সুস্থ। তার নাক ও মুখের ক্ষত শুকিয়ে গেছে। এখন সে ফিডারে দুধ খেতে পারে। তার ওজন আড়াই কেজি।
এ ব্যাপারে ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মিজানুর রহমান জানান, অভিভাবকবিহীন শিশুটিকে আজ ঢামেক হাসপাতালের সমাজ সেবা অধিদপ্তরে হস্তান্তর করা হবে। সেখান থেকে তার ঠিকানা হবে শিশু নিবাসে।
তিনি আরও জানান, ইতোমধ্যে শিশুটিকে দত্তক হিসেবে অনেকেই নিতে ইচ্ছে পোষণ করেন। কিন্তু আদালতের নির্দেশনা না থাকায় তাদের কাউকেই শিশুটিকে দেওয়া হয়নি।
শিশুটিকে যদি কেউ নিতে যান তাহলে তাকে আদালতে মাধ্যমে নিতে হবে বলে জানান মিজানুর রহমান।
রাজধানীর পুরাতন বিমানবন্দরের ভেতরে ঝোঁপঝাড় থেকে গত ১৫ সেপ্টেম্বর দুপুরে নবজাতককে উদ্ধার করা হয়। সেখানে ফেলে রাখা নবজাতককে একটি কুকুর কামড়াতে শুরু করলে পাশে খেলতে থাকা কয়েকজন শিশু এগিয়ে যায়। কুকুরটি পালিয়ে গেলে নবজাতককে উদ্ধার করে শিশুরা। পরে শিশুদের চিৎকারে জাহানারা বেগম নামে স্থানীয় এক বাসিন্দা নবজাতকটিকে ঢামেকে নিয়ে আসেন।
এমএইচ





