পাসপোর্ট ভেরিফেকেশন বাবদ হাইকোর্টের এক বিচারপতির স্ত্রীর কাছে ঘুষ দাবি করায় পুলিশের বিশেষ শাখার সদস্য (এসবি) এএসআই এএসআই সাদেকুল ইসলামকে বরখাস্তের নির্দেশ দেয়া হয়েছে।

আজ বুধবার সকালে ওই পুলিশ সদস্য হাইকোর্টে হাজির হয়ে দোষ স্বীকার করলে বিচারপতি কাজী রেজা-উল হকের একক হাইকোর্ট বেঞ্চ তাকে বরখাস্তের নিদের্শ দেয়। এই সঙ্গে তাকে গ্রেফতার করতে বলা হয়।

আদালতের আদেশের পরপরই এএসআই সাদেকুল ইসলামকে পুলিশের হাতে তুলে দেন হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার কামাল হোসেন শিকদার।

তিনি জানান, হাইকোর্টের এক বিচারপতির দুই সন্তানের পাসপোর্ট ভ্যারিফিকেশন বাবদ বাসায় গিয়ে এসআই চার হাজার টাকা ঘুষ দাবি করেন এএসআই সাদেকুল ইসলাম । বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের অবহিত করা হয়। এরপরই হাইকোর্ট ওই এসআইকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়। হাইকোর্টের নির্দেশ মোতাবেক আজ সকালে এএসআই সাদেকুল ইসলাম আদালতে হাজির হন।

আদালতে হাজির হয়ে পুলিশ সদস্য এএসআই সাদেকুল ইসলাম বলেন, আমি পাসপোর্ট ভ্যারিফিকেশন বাবদ চার হাজার টাকা ঘুষ চেয়েছি। এরপরই হাইকোর্ট তাকে চাকরিচ্যুতের নির্দেশ দেয়।

এমবি