ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানি ও হত্যার ঘটনায় অধ্যক্ষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পি কে এনামুল করিমের নিষ্ক্রিয়তার অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিষয়টি জনপ্রশাসন সচিব ও শিক্ষা সচিবকে তদন্ত করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে আজ সোমবার বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।

আদালতে রিটকারী আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল বাশার।

ইউনুস আলী আকন্দ বলেন , অন্তবর্তী এ আদেশের পাশাপাশি আদালত রুল জারি করেছে। রুলে ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ড ও অধ্যক্ষের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগের ঘটনায় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না-তা জানতে চাওয়া হয়েছে।

রিটের বিবাদীরা (রেসপনডেন্ট) হচ্ছেন, জনপ্রশাসন সচিব, শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ফেনীর জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সোনাগাজী থানার ওসি। চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এমআর