প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়া নিয়ে কলাম প্রকাশ করায় আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন প্রথম আলো সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান এবং যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান।

সোমবার শুনানী শুরু হলে আদালতের কাছে তারা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। তাদের ক্ষমা চাওয়ার বিষয়টি আদালত লিখিত আকারে নেন।

এর আগে গত ১৫ ডিসেম্বর সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনে নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আদালতে হাজির হয়ে প্রকাশিত কলামের বিষয়ে ব্যাখ্যা দিতে আদেশ দেন।

তলবের পাশাপাশি মতিউর রহমান ও মিজানুর রহমান খানের বিরুদ্ধে রুলও জারি করেন আপিল বিভাগ। রুলে কেন তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা যাবে না- তা জানতে চাওয়া হয়।

প্রথম আলোতে ‘প্রধান বিচারপতিকে বেছে নেওয়া’ শিরোনামে কলাম লেখেন মিজানুর রহমান খান। ব্যারিস্টার সিরাজুম মুনিরের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ এটিকে আপিল বিভাগের নজরে আনার পর তলবাদেশ করেন আদালত।

আদেশ দেয়ার আগে জ্যেষ্ঠ আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম, আজমালুল হোসেন কিউসি ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মতামত জানতে চান আদালত।

এআর