যশোরের বেনাপোলে ৯ হাজার জাল টাকা ও ২৫ গ্রাম হেরোইনসহ হালিমা বেগম (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শনিবার বিকাল ৪টার দিকে পোর্ট থানাধীন ২২ নম্বর গোডাউনের সামনে থেকে তাকে আটক হয়।

হালিমা বেগম খুলনার টুটপাড়া গ্রামের আরিফ হোসেনের স্ত্রী।

বিজিবি জানায়, হালিমা নামে ওই নারী জাল টাকা ও হেরোইন নিয়ে যশোরে যাচ্ছে- গোপন এ সংবাদ পেয়ে অভিযান চালায় বিজিবি। এসময় বন্দরের ২২ নম্বর গোডাউনের কাছ থেকে হালিমাকে আটক করা হয়।

পরে, তার কাছ থেকে ২৫ গ্রাম হেরোইন ও ১০০০ টাকার ৯টি জাল নোট পাওয়া যায়। সন্ধ্যায় তাকে পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ