রাজধানীতে শিক্ষা বোর্ডের বিভিন্ন পরীক্ষার বিপুল পরিমাণ ভূয়া মার্কশিট, সার্টিফিকেট এবং সার্টিফিকেট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসময় ৭ জনকে আটক করা হয়েছে।

রাজধানীর নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় ঢাকা শিক্ষা বোর্ডের সহকারী কন্ট্রোলার এর সহযোগীতায় এবং র‌্যাবের বিজ্ঞ নির্বাহী মাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এর নেতৃত্বে তাদেরকে আটক করা হয়।
পরে গ্রেফতারকৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমান আদালত দোষী সাব্যস্ত করে তাদের প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

গ্রেফতারকৃতরা হলেন-কুমিল্লার মুরাদনগর মো. হাসেম আলীর ছেলে মো. আরিফ (২৭), বরিশালের উজিরপুর থানার জাকির হোসেনের ছেলে উজ্জ্বল (২৫), বর্তমানে-বিডিআর মেডিকেল ষ্ট্যাফ কোয়ার্টার, বাসা নং-৫২২, লালবাগ, আলমগীর হোসেন (২৮), মুঞ্জুর আলম (২৬), মো. আরিফ (২৫), আলি হোসেন (৫২) এবং মো. তুহিন (২৯)। তাদের কাছ থেকে সিপিইউ, মনিটর, প্রিন্টার, শিক্ষা বোর্ডের বিভিন্ন পরীক্ষার ভূয়া সার্টিফিকেট ও মার্কশীট উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মারুফ আহমেদ টাইমনিউজবিডিকে জানান-র‌্যাব-২ এর গোয়েন্দা দল অনুসন্ধানে জানতে পারে যে, রাজধানীর নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকার বিভিন্ন দোকানে দীর্ঘদিন যাবত বিভিন্ন শিক্ষা বোর্ডের পরীক্ষার সমূহের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অনার্স/ডিগ্রি, মষ্টার্স পর্যায়ের বিভিন্ন ভূয়া সার্টিফিকেট ও মার্কশিট তৈরী করে তা বাজারজাত করছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুর ২টা থেকে ৫ টা পর্যন্ত র‌্যাব-২ এর একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক মারুফ আহমেদ আরও জানান, সম্প্রতি রাজধানীতে এক ধরণের অসাধু প্রতারকচক্র কম্পিউটারের সাহায্যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আনার্স/ডিগ্রি, মাষ্টার্স ইত্যাদি পর্যায়ের বিভিন্ন ভূয়া সার্টিফিকেট ও মার্কশীট তৈরী করে বাজারজাত করে আসছে। উক্ত সার্টিফিকেট ও মার্কশীট বিভিন্ন প্রতারক প্রকৃতির লোক ক্রয় করে তা দিয়ে প্রতারণার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী করে আসছে। অনেকে আবার বিভিন্ন বেসরকারি কোম্পানি, ইন্সুরেন্স, ব্যাংক, বীমা ও করপোরেট প্রতিষ্ঠান থেকে শুরু করে গণমাধ্যমেও কাজ করছে। এমনকি, অনেকে ভূয়া সার্টিফিকেট দ্বারা ডাক্তার সেজে বিভিন্ন হাসপাতালে নিয়মিত রোগীদের চিকিৎসা প্রদান করছে।

এর আগে গত ২৮ আগস্ট রাজধানীর ফার্মগেট, ৯ সেপ্টেম্বর ধানমন্ডি এবং ১৪ সেপ্টেম্বর ফার্মগেট ও কাওরান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ জাল জাতীয় পরিচয়পত্র, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ভূয়া সার্টিফিকেট এবং তৈরী কাজে ব্যাবহৃত সরঞ্জাম জব্দ করাসহ এর সাথে জড়িত ৭ জন আসামীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

ঢাকা, জেইউ, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম. জেএ