দিনাজপুরের কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নের জয়নন্দ ডহচি গ্রামে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) একটি মন্দিরে গুলি ও বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০১৫) রাত সোয়া আটটার দিকে ধর্মসভা চলাকালে ওই হমিলায় দুজন আহত হন।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহত ব্যক্তিরা হলেন রঞ্জিত চন্দ্র রায় (৪৫) ও মিঠুন চন্দ্র রায় (২৫)। তাঁদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে।
স্থানীয় ডাবোর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিশ্বজিৎ ঘোষ বলেন, সন্ধ্যায় ইসকন মন্দিরে ধর্মসভা চলছিল। হঠাৎ অজ্ঞাতপরিচয় তিন যুবক এসে প্রথমে দুটি গুলি ছোড়ে। এর পরপরই দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ওই যুবকেরা দ্রুত চলে যায়। তাদের ছোড়া গুলিতে রঞ্জিত চন্দ্র রায় ও মিঠুন চন্দ্র রায় আহত হয়েছেন।
রঞ্জিত দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ইশানিয়া গ্রামের বিভূতি চন্দ্র রায়ের ছেলে এবং মিঠুন কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের দ্বিজেন চন্দ্র রায়ের ছেলে বলে জানান চেয়ারম্যান বিশ্বজিৎ।
দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) মো. রুহুল আমিন বলেন, গ্রামবাসী হামলাকারীদের একজনকে ধরে ডাবোর ইউনিয়নের ঢাকাইপাড়া আদর্শ গ্রামের একটি ক্লাবে আটকে রেখেছে বলে তিনি জেনেছেন।
কেবি/এমএ





