রাজধানীর কামরাঙ্গীরচরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে ইব্রাহিম মোল্লাকে ফের এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

পাঁচ দিনের রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে শুক্রবার ঢাকার মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী এই রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত , গত ২৭ ডিসেম্বর নার্গিস আকতার নামে ওই গৃহবধূর লাশ কামরাঙ্গীরচর থানাধীন একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করে পুলিশ।

ওই ঘটনায় নার্গিসের ভাই জাহাঙ্গীর ব্যাপারী বাদী হয়ে ইব্রাহিম মোল্লা এবং তাঁর দুই ভাইকে আসামি করে কামরাঙ্গীরচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার এজাহারে থেকে জানা যায়, গত ২৬ ডিসেম্বর রাতে হাত-পা বেঁধে মুখে স্কচটেপ পেঁচিয়ে শ্বাসরোধ করে নার্গিসকে হত্যা করে আসামীরা।

যৌতুকের জন্য এর আগেও চার-পাঁচ বার নার্গিস আকতারকে তারা মারধর করে। এদিন পরিকল্পিতভাবে তারা তাকে খুন করে।

এ ঘটনায় গত ২৮ ডিসেম্বর ইব্রাহিম মোল্লা ও তার ভাই কামাল মোল্লাকে গ্রেফতার করে পুলিশ আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এমকে