সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের প্রধান সমন্বয়ক অধ্যাপক মহিউদ্দিন আহমেদসহ ৪ জনকে খালাস দিয়েছে ঢাকার সন্ত্রাস দমন ট্রাইব্যুনাল।
রাষ্ট্রবিরোধী প্রচার চালানো ও পেট্রোল বোমা উদ্ধারের ঘটনায় দায়ের করা এই মামলার ৬ আসামির মধ্যে পলাতক হিযবুত তাহরীরের সদস্য সাইদুর রহমান ও তৌহিদুল আলমের ২ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেন বিচারক।
৭ দফা পেছানোর পর আজ (২৪ মার্চ) রোববার এই মামলার রায় ঘোষণা করেন সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) শিক্ষক মহিউদ্দিন আহমেদ এসময় আদালতে উপস্থিত ছিলেন।
রায়ে তৌহিদুল আলম ও সাইদুর রহমানকে দুই বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন বিচারক।
হিযবুতের সমন্বয়ক মহিউদ্দিনের পাশাপাশি যুগ্ম-সমন্বয়ক কাজী মোরশেদুল হক প্লাবন, সদস্য তানভীর আহম্মেদ ও আবু ইউসুফ আলী অভিযোগ থেকে খালাস পেয়েছেন।
এই আদালতের পেশকার আতাউর রহমান জানান, দণ্ডিত দুই আসামি পলাতক থাকায় তাদের গ্রেফতার করতে পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত।
রায়ের পর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “এই মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন দু’জন। তাদের একজন সাক্ষ্য দিলেও অন্যজন দেননি। এই কারণে হয়ত হিযবুত তাহরীরের প্রধান সমন্বয়ক খালাস পেয়ে গেছেন। আমরা পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেব।”
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১০ সালের ১৮ এপ্রিল উত্তরা থানাধীন ৩ নম্বর সেক্টরে তাকওয়া মসজিদের পশ্চিম পাশে হিযবুত তাহরীর বাংলাদেশের কিছু সদস্য সরকারবিরোধী লিফলেট ও পোস্টার বিলি এবং জনজীবনে আতঙ্ক সৃষ্টির জন্য পেট্রলবোমা নিয়ে আসেন। এ খবর পেয়ে উত্তরা থানার উপ-পরিদর্শক ঘটনাস্থলে গিয়ে আসামিদের গ্রেফতার করেন। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।
২০১৩ সালের ৯ ফেব্রুয়ারি ডিবি পুলিশের পরিদর্শক নুরুল আমীন হিযবুত তাহরীরের প্রধান সমন্বয়ক অধ্যাপক মহিউদ্দিনসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালত কামরুল হোসেন মোল্লা আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলায় ১৬ সাক্ষীর মধ্যে বিভিন্ন সময়ে ৭ জন সাক্ষ্য দেন।
মামলার আসামিরা হলেন- হিযবুত তাহরীরের প্রধান সমন্বয়ক অধ্যাপক মহিউদ্দিন, যুগ্ম সমন্বয়ক কাজী মোরশেদুল হক প্লাবন, হিযবুত তাহরীর সদস্য তানভীর আহম্মেদ, সাইদুর রহমান, আবু ইউসুফ আলী ও তৌহিদুল আলম।
এমবি





