[b]ঢাকা:[/b] রাজধানীতে পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা ও তার স্ত্রী হত্যা মামলার আসামি তাদের মেয়ে ঐশীর জামিন না মঞ্জুর করেছেন আদালত। একই সাথে ঐশির ‘ও’ লেভেল পরীক্ষার প্রস্তুতির জন্য কারাগারে বই-খাতা প্রেরণের নির্দেশ দেয়া হয়েছে।
রোববার সকালে ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূর এ  আদেশ দেন।
এর আগে ঐশীকে আদালতে হাজির করে তার পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী প্রকাশ চন্দ্র বিশ্বাস। আগেও দুই দফা জামিন আবেদন করা হয় ঐশীর পক্ষে। তবে আদালত বরাবরই তার জামিন আবেদন না মঞ্জুর করেন।
গত বছরের ১৬ আগস্ট রাজধানীর চামেলীবাগের নিজ বাসা থেকে পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন তাদের মেয়ে ঐশী রহমান রমনা থানায় হাজির হয়ে পিতা-মাতাকে হত্যার দায় স্বীকার করেন।
এছাড়াও ২৪ আগস্ট আদালতে খুনের দায় স্বীকার করে জবানবন্দি দেয় ঐশী ।