অবশেষে গ্রীনলাইন কর্তৃপক্ষ থেকে মাসিক কিস্তির আরও ৫ লাখ পেলেন পা হারানো রাসেল। সোমবার হাইকোর্টের মাধ্যমে রাসেলের হাতে চেক তুলে দেন গ্রীনলাইনের আইনজীবী পলাশ চন্দ্র রায়।

এই চেক দিয়ে আগামী ৭ আগস্ট ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন রাসেল। এর আগে গত ১০ এপ্রিল রাসেলকে পাঁচ লাখ টাকা দেয় গ্রীনলাইন কর্তৃপক্ষ। বাকি ৪০ লাখ টাকা প্রতি মাসে পাঁচ লাখ টাকা করে রাসেলকে দিতে বলেছেন আদালত।

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ সোমবার এ বিষয়ে শুনানি হয়।

শুনানিকালে আদালত বলেছেন, ‘মাসিক কিস্তির অর্থ পরিশোধের আদেশ বহাল থাকবে। টাকা পরিশোধ করে যাবেন।’ আগামী ১৭ অক্টোবর আদালত পরবর্তী আদেশের জন্য দিন রেখেছেন। গ্রীনলাইনকে আগামী ৭ সেপ্টেম্বর রাসেলকে আরও পাঁচ লাখ টাকার চেক দেয়ার জন্য বলা হয়েছে।

আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। অন্যদিকে গ্রীনলাইনের পক্ষে ছিলেন আইনজীবী পলাশ চন্দ্র রায়।

গত বছরের ২৮ এপ্রিল রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে কথাকাটাকাটির জেরে গ্রীনলাইন পরিবহনের বাসচালক ক্ষিপ্ত হয়ে প্রাইভেটকারচালক রাসেল সরকারের ওপর বাস চালিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই রাসেল সরকারের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়।

জেড