বেসরকারি মোবাইলফোন অপারেটর সিটিসেলের তরঙ্গ বরাদ্দ বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আবেদনের ওপর আদেশ আগামী বৃহস্পতিবার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ওই সিদ্ধান্ত স্থগিত চেয়ে সিটিসেল এই আবেদন করেছিল।
বকেয়া পরিশোধ করতে না পারায় গত ২০ অক্টোবর সিটিসেলের তরঙ্গ বরাদ্দ বাতিল ও কার্যক্রম বন্ধ করে দেয় বিটিআরসি। এতে বন্ধ হয়ে যায় দেশের প্রথম মোবাইলফোন অপারেটর সিটিসেল।
তরঙ্গ বরাদ্দ বাতিলের ওই সিদ্ধান্ত স্থগিত বা পুনরায় তরঙ্গ বরাদ্দের নির্দেশনা চেয়ে গত ২৪ অক্টোবর আবেদন করে সিটিসেল।
এরপর অবকাশকালীন চেম্বার বিচারপতি বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান। এর ওপর আজ মঙ্গলবার শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ আদেশের এ দিন ধার্য করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বিটিআরসির পক্ষে ছিলেন আইনজীবী শেখ ফজলে নূর তাপস আর সিটিসেলের পক্ষে ছিলেন রোকন উদ্দিন মাহমুদ।
শেখ ফজলে নূর তাপস বলেন, প্রদেয় অর্থ নিয়ে বিতর্ক দেখা দিলে তা কীভাবে নিষ্পত্তি করা হয় ও প্রদেয় অর্থের বিপরীতে ভ্যাট কে দেবে, তা বিটিআরসিকে জানাতে বলা হয়েছে।
বিটিআরসি সূত্র আগে জানিয়েছিল, আদালতের নির্দেশনা অনুযায়ী ৪৭৭ কোটি টাকা বকেয়া সময়মতো পরিশোধে ব্যর্থ হওয়ায় ২০ অক্টোবর অপারেটরটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
ওই দিনই সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানান, সিটিসেলের তরঙ্গ বরাদ্দ স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।
এমবি





