জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হত্যা মামলার সাক্ষী না আসার কারণে ফের সাক্ষ্য গ্রহণ পিছিয়েছেন ট্রাইবুনাল।
রোববার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ মামলার সাক্ষ্যগ্রহণের কথা ছিল।
ট্রাইবুনাল সূত্রে জানা যায়, কোনো সাক্ষী না আসায় ট্রাইব্যুনালের বিচারক এবিএম নিজামুল হক আগামী ৮ মে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছেন। একই কারণে গত ২০ এপ্রিল ও ২৭ এপ্রিল সাক্ষ্যগ্রহণ পিছিয়ে দেওয়া হয়েছিল।  এখন পর্যন্ত এ মামলায় মোট ১৯ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
গত বছরের ৮ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৩ ছাত্রের বিরুদ্ধে চার্জ গঠন করেন ট্রাইব্যুনাল।
উল্লেখ্য, ২০১২ সালের ৮ জানুয়ারি বিকেলে ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদকে কুপিয়ে জখম করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এরপর তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে সেদিন রাতেই রাজধানী ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে জুবায়ের মারা যান।
[b]ঢাকা, ৪ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]