নাইকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ফের পিছিয়েছে।
আজ (০৪ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকালে কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারে বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এই আদেশ দেন।
অসুস্থ খালেদা জিয়া আদালতে হাজির হতে না পারায় আগামী ৩১ মার্চ এই মামলার শুনানির জন্য দিন ধার্য করেছেন।
এদিন মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। কিন্তু মামলার প্রধান আসামি খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন। যে কারণে কারা কর্তৃপক্ষ তাকে আদালতে হাজির করেনি।
এজন্য তার আইনজীবীরা অভিযোগ গঠনের শুনানি পেছানোর জন্য আবেদন করে। আদালত তা মঞ্জুর করেন।
মামলার অন্য আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন, তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামালউদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সিএম ইউসুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন, বাগেরহাটের সাবেক সাংসদ এমএএইচ সেলিম এবং নাইকোর দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।
এমবি





