হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থকে ৭ কেজি ৬৩২ গ্রাম সোনা আটক করেছেন বিমানবন্দর কাস্টমস কর্মকর্তারা।
রোববার সকালে শাহিনুর আলম ও মঞ্জুরুল হক নামের ২ যাত্রীর কাছ থেকে এ সোনা আটক করা হয়।

বিমানবন্দর শুল্ক গোয়েন্দা শাখার সহকারী কমিশনার (এডি) উম্মে নাহিদা আক্তার জানান, আটক করা সোনার বর্তমান বাজার মূল্য প্রায় ২ কোটি ৮২ লাখ টাকা।

বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৬টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ঢাকায় শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।

কাস্টমস কর্মকর্তারা এ বিমানের যাত্রী শাহিনুর আলমের শরীর তল্লাশি করে প্রতিটি এক কেজি ওজনের ছয়টি সোনার বার উদ্ধার করে। বারগুলো তাঁর পায়ের মোজার মধ্যে স্কচটেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় ছিল।

অপর দিকে সকাল নয়টার দিকে দুবাই থেকে আসা আরব আমিরাত এয়ারলাইনসের একটি বিমান ঢাকায় শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। ওই বিমানের যাত্রী মঞ্জুরুল মালামাল নিয়ে গ্রিন চ্যানেল এলাকা দিয়ে বের হওয়ার সময় তাঁর গতিবিধি দেখে সন্দেহ হলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা তাঁকে আটক করে। পরে তাঁর শরীরের বেল্টের ভেতর থেকে এক কেজি ৬৩২ গ্রাম সোনা আটক করা হয়।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) জ্যেষ্ঠ এএসপি আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক করা সোনাগুলো বর্তমানে কাস্টমসের হেফাজতে রয়েছে। আটক করা ব্যক্তিদের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।

ঢাকা, ৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ