জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে বুধবার আদালতে যেতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট ছানাউল্লাহ মিয়া টাইমনিউজকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মামলার হাজিরা দিতে বেগম জিয়া আদালতে যাবেন। এর আগে ওই দুটি মামলায় কয়েক দফা আদালতে হাজির হতে সময়ের আবেদন করেন খালেদা জিয়া।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আদালতে হাজিরা দিতে গত ১৬ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষবারের মতো সময় দিয়েছিলেন আদালত। তখন ১৯ মার্চ মামলা দুটির অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারণ করা হয়। ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. রেজাউল ইসলাম ওই আদেশ দেন।
এ পর্যন্ত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৪১ ও জিয়া চেরিটেবল ট্রাস্ট মামলায় ১১ বার সময়ের আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। ২০০৮ সালের ৩ জুলাই দুর্নীতি দমন কমিশন রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্টে অনিয়মের অভিযোগে মামলা করে।
[b]ঢাকা, এমএইচ, ১৮ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]